রাজধানীর ঝিগাতলায় সাইকেল চুরির ঘটনায় নিরাপত্তার দাবি জানাতে গিয়ে ঢাকা কলেজের তিন শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার (৩ অক্টোবর) মধ্যরাতে কলেজের শিক্ষার্থী ও হোস্টেল কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
ঘটনার পর রাত সাড়ে ১২টার দিকে ঝিগাতলার বড় মসজিদ সংলগ্ন সড়কে অবস্থান নেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, সাইকেল চুরির ঘটনায় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাতে গেলে ঝিগাতলার একটি আবাসিক প্রতিষ্ঠানের মালিক, ম্যানেজার ও কয়েকজন কর্মচারী তাদের ওপর হামলা চালান। এতে তিন শিক্ষার্থী আহত হন বলে দাবি তাদের।
ভুক্তভোগীদের ভাষ্য, মারধরের ঘটনায় একজন শিক্ষার্থীর মাথা ফেটে যায়। অন্য দুজনের শরীরেও আঘাত লাগে। হামলার সময় এক শিক্ষার্থীর মুঠোফোন কেড়ে নিয়ে মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেলার অভিযোগও করেছেন তারা।
ঘটনার খবর ঢাকা কলেজের অন্য শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা ঝিগাতলায় জড়ো হতে শুরু করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে বড় মসজিদসংলগ্ন এলাকায় অবস্থান নেন তারা। এতে সড়কে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয় এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এ সময় শিক্ষার্থীরা হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
তবে অভিযোগের বিষয়ে ঝিগাতলার ওই আবাসিক প্রতিষ্ঠানের মালিক, ম্যানেজার বা কর্মচারীদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশও ঘটনার বিষয়ে বিস্তারিত কোনো বক্তব্য দেয়নি। সূত্র: কালবেলা
সদ্য সংবাদ/ এআর