রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩ অক্টোবর) মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৬ বছর বয়সী সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। ডিবির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবির এই কর্মকর্তা জানান, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে সংঘটিত ভাঙচুরের ঘটনায় সাজ্জাদ হোসেন মিশু মোল্লার সম্পৃক্ততার তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ডিবি ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সাজ্জাদ শাহআলী থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা কমিটির সদস্য ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে, রাড্ডা সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়। অভিযোগের প্রেক্ষাপটে ১ অক্টোবর তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।
মিরপুর-১ নম্বরে গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও ভেঙে ফেলা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে।
সদ্য সংবাদ/এসএস