রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অভিযোগে ৪১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৫৯টি মামলা করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলভার এবং চার রাউন্ড রিভলভারের গুলি উদ্ধার করা হয়েছে।
অভিযানে বিপুল পরিমাণ মাদকও জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ২১ হাজার ৬৭২ পিস ইয়াবা, ২ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা, ২০ গ্রাম হেরোইন এবং ৩০ পুরিয়া হেরোইন। এ ছাড়া কয়েকটি মোবাইল ফোন ও একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে অপরাধবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সদ্য সংবাদ/এসকে