রাজধানীর শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির এক নেতাকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২।
সোমবার (৫ অক্টোবর) শেরেবাংলা নগর এলাকা থেকে মিজানুর রহমান স্বপনকে আটক করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
আটক স্বপন শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি।
পুলিশ ও এসআরবি সূত্রের তথ্য অনুযায়ী, শেরেবাংলা নগর এবং মোহাম্মদপুর এলাকায় স্বপনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এর মধ্যে গার্মেন্টস প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায়, নিউরোসায়েন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা এবং আগারগাঁওয়ের নতুন রাস্তা এলাকায় ফুটপাত থেকে চাঁদাবাজির অভিযোগ উল্লেখযোগ্য।
এ ছাড়া শেরেবাংলা নগর থানার পাশে অবস্থিত সমবায় বস্তিতে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত মাসিক চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এ বিষয়ে শেরেবাংলা নগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অমৃতা বলেন, ‘মিজানুর রহমান স্বপন আমাদের হেফাজতে আছেন। এখনো মামলা হয়নি। বিস্তারিত পরে জানানো হবে।’
সদ্য সংবাদ/ এআর