রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে পার্ক করে রাখা প্রাইম পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৩২ মিনিটের দিকে টার্মিনালে একটি বাসে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় দুপুর ২টা ২ মিনিটের দিকে বাসটির আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়। আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
সদ্য সংবাদ/এসএস