রাজধানীর হাজারীবাগে অটোরিকশার গ্যারেজে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। অভিযানে প্রায় ২০টি গ্যারেজের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ডিপিডিসি, রমনা ট্রাফিক বিভাগ ও হাজারীবাগ থানা পুলিশের যৌথ অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিপিডিসির স্টেশন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দা মোসাদ্দেকার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
ডিপিডিসি সূত্রে জানা যায়, অটোরিকশা চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ ব্যবহারে নির্দিষ্ট নীতিমালা রয়েছে। গ্যারেজে চার্জিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন ও পৃথক মিটারের ব্যবস্থা থাকার কথা। তবে অভিযানে এমন বেশ কয়েকটি গ্যারেজের সন্ধান পাওয়া যায়, যেখানে বাণিজ্যিক লাইসেন্স ব্যবহার করে অটোরিকশা চার্জ দেওয়া হচ্ছিল। এসব প্রতিষ্ঠানের কাছে চার্জিং স্টেশন পরিচালনার প্রয়োজনীয় বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।
অভিযানের নেতৃত্ব দেওয়া সৈয়দা মোসাদ্দেকা জানান, রাজধানীতে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে চলমান কার্যক্রমের অংশ হিসেবেই হাজারীবাগে অভিযানটি চালানো হয়েছে। গ্যারেজ মালিকদের অনেকে বৈধ ট্রেড লাইসেন্স থাকার কথা জানালেও যাচাই করে দেখা যায়, সেগুলো মূলত বাণিজ্যিক লাইসেন্স। শুধু এ ধরনের লাইসেন্সের ভিত্তিতে অটোরিকশা চার্জ দেওয়ার অনুমতি নেই।
তিনি আরও জানান, অভিযানের সময় অবৈধ মিটার, বৈদ্যুতিক তার, চার্জিং পয়েন্টসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। এসব সরঞ্জাম জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
অভিযান পরিচালনার সময় কয়েকজন গ্যারেজ মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তি কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন বলেও জানান ম্যাজিস্ট্রেট। তবে তাদের প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স সংগ্রহ করে বৈধভাবে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়েছে।
সৈয়দা মোসাদ্দেকা বলেন, বৃহস্পতিবারের অভিযানে কোনো সামারি ট্রায়াল বা তাৎক্ষণিক জরিমানা করা হয়নি। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। এসব মামলার পরবর্তী বিচারিক কার্যক্রম আদালতে সম্পন্ন হবে।
অভিযানে ডিপিডিসির কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি হাজারীবাগ থানা পুলিশের সদস্য এবং রমনা ট্রাফিক বিভাগের সার্জেন্ট, ট্রাফিক ইন্সপেক্টরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, রাজধানীজুড়ে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে যে কার্যক্রম চলছে, তারই ধারাবাহিকতায় হাজারীবাগে অভিযান পরিচালিত হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সদ্য সংবাদ/এসএস