হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা ধরা পড়েছে। শারজাহ থেকে ঢাকায় আসা এক যাত্রীর পায়ুপথে লুকিয়ে রাখা তিনটি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে এয়ার অ্যারাবিয়ার জি৯-৫১৮ ফ্লাইটে ওই যাত্রী ঢাকায় পৌঁছান। পরে গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
কাস্টমস সূত্র জানায়, স্বর্ণ চোরাচালানের তথ্য পাওয়ার পর বিমানবন্দরের বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়। ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় যাওয়ার পর আরমান উদ্দিন সিদ্দিকী নামে ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে তার পায়ুপথে বিশেষভাবে লুকানো অবস্থায় সাদা কসটেপে মোড়ানো তিনটি ডিম্বাকার পেস্ট পাওয়া যায়। পরীক্ষা-নিরীক্ষার পর এগুলো স্বর্ণের পেস্ট বলে নিশ্চিত হওয়া যায়।
কাস্টমসের হিসাব অনুযায়ী, উদ্ধার করা তিনটি পেস্টের মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম। প্রতিটির ওজন ছিল আনুমানিক ৪৩০ গ্রাম। স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে পেস্টগুলো সরাসরি সম্পূর্ণ স্বর্ণ নয়। স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, পরিশোধন প্রক্রিয়া শেষে এগুলো থেকে প্রায় ১ কেজি স্বর্ণ পাওয়া যেতে পারে। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।
এ ঘটনায় আরমান উদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সদ্য সংবাদ/এসএস