রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে আগারগাঁও লিংক রোডে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুটি ককটেল নিক্ষেপ করা হলে একটির বিস্ফোরণ ঘটে। অন্যটি উদ্ধার করে নিষ্ক্রিয় করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে দুটি মোটরসাইকেল আরোহী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এসে ককটেল নিক্ষেপ করেন। ঘটনাস্থলে তাঁরা দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। এ সময় আশপাশ পর্যবেক্ষণের পর ককটেল ছুড়ে দ্রুত সেখান থেকে চলে যান তাঁরা।
ঘটনার পর জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, মোটরসাইকেল আরোহীরা আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে চলে যান। তবে ককটেল নিক্ষেপে ব্যবহৃত মোটরসাইকেলটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় মামলা হওয়ার পর সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
ঘটনার পেছনের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখছে পুলিশ।
সদ্য সংবাদ/এসকে