রাজধানীতে মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা ঠেকাতে বিশেষ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোহাম্মদপুর, আদাবর, পল্লবী ও গেন্ডারিয়ায় একযোগে পরিচালিত এ অভিযানে ৩৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন স্থান থেকে দেশি-বিদেশি অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে চারটি এলাকার প্রবেশ ও বের হওয়ার পথ অবরুদ্ধ করে অভিযান শুরু করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে বিভিন্ন সন্দেহভাজন স্থানে তল্লাশি চালানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, মাদক কারবার, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে প্রাথমিক তদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে বলেও জানানো হয়েছে।
সদ্য সংবাদ/এসকে