মালদ্বীপ থেকে ঢাকায় আসা দুই যাত্রীর শরীরের ভেতর থেকে ডিম্বাকৃতির ছয়টি স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা এসব বস্তুর প্রাথমিক ওজন ২ কেজি ৭৩৪ গ্রাম। এর সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।
সোমবার (১৯ অক্টোবর) সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ এ তথ্য জানান।
তিনি জানান, রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মালদ্বীপ থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস৩৩৮ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মোহাম্মদ সোলাইমান ও জোবায়েদ আহমদ। পরে তাঁদের তল্লাশি করে স্বর্ণের পেস্টসদৃশ বস্তুগুলো উদ্ধার করা হয়।
এনবিআরের তথ্য অনুযায়ী, দুই যাত্রীর প্রত্যেকের পায়ুপথে তিনটি করে মোট ছয়টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া গেছে। সব মিলিয়ে এগুলোর ওজন ২ দশমিক ৭৩৪ কেজি বলে প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।
উদ্ধার হওয়া বস্তুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা হলেও সেগুলোর মধ্যে প্রকৃত স্বর্ণের পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এ বিষয়ে নিশ্চিত হবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সদ্য সংবাদ/এসএস