রাজধানী ঢাকায় আত্মগোপনে থাকা পাবনার আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র শহিদুল ইসলাম রতন এবং ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু।
সোমবার (১৯ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশের একটি ভবনের পঞ্চম তলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া থেকে ঢাকায় এসে আত্মগোপনে ছিলেন তাঁরা। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে নিয়মিত যোগাযোগ রাখার পাশাপাশি নিজ এলাকায় দলীয় কার্যক্রম জোরদার করার বিষয়ে তৎপরতা চালাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তার তিন নেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান আসাদ জানান, ঢাকায় পাবনার তিন নেতাকে গ্রেপ্তারের খবর তাঁরা পেয়েছেন। তাঁদের নিজ নিজ এলাকায় ফিরিয়ে আনতে ঢাকার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
ওসি আরও জানান, আবুল কালাম আজাদ মিন্টু বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর আত্মগোপনে চলে যান। অন্যদিকে, মকলেছুর রহমান মিন্টু ও শহিদুল ইসলাম রতন ৫ আগস্টের পর থেকেই পলাতক ছিলেন।
গ্রেপ্তার তিন নেতার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিস্তারিত তথ্য এবং তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সদ্য সংবাদ/এসকে