রাজধানীর ভাটারায় পুলিশের এক অতিরিক্ত উপমহাপরিদর্শকের (অতিরিক্ত ডিআইজি) ভাড়া দেওয়া বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯ অক্টোবর) রাতে শুরু হওয়া অভিযান মঙ্গলবার দুপুর পর্যন্ত চলে। এ সময় বাড়িটি থেকে ৮৪ জনকে আটক করা হয়েছে, যাঁদের মধ্যে ২৬ জন নারী।
ডিবি সূত্রের দাবি, বাড়িটিতে নিয়মিত ডিজে পার্টির আয়োজন করা হতো এবং সেখানে মাদক সেবনের আসর বসত। এসব অভিযোগের ভিত্তিতেই সেখানে অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম সংবাদমাধ্যম কালবেলাকে জানান, বাড়িটি পুলিশের ওই কর্মকর্তা ভাড়া দিয়েছিলেন। সেখানে দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট কার্যক্রম ও অবৈধ ডিজে পার্টি চলার তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বাড়িটির মালিক অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির। তিনি পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত। বাড়িটিতে মাদকসংক্রান্ত অভিযোগে ডিবির অভিযানের বিষয়ে তাঁর বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
সদ্য সংবাদ/এসএস