জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে শিক্ষার্থীদের দেওয়া মিনি ফ্রিজ বিভাগীয় প্রধানের বাসায় নেওয়ার ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনার পর সেটি আবার বিভাগে ফেরত দেওয়া হয়েছে। কলেজ প্রশাসন জানিয়েছে, বিভাগীয় কার্যালয়ের জন্য দেওয়া কোনো সরঞ্জাম ব্যক্তিগত প্রয়োজনে বাসায় নেওয়ার নিয়ম নেই।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর।
কলেজ সংশ্লিষ্টদের কাছ থেকে জানা যায়, গণিত বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থীরা প্রায় এক বছর আগে বিভাগের ব্যবহারের জন্য ৯০ লিটারের একটি মিনি ফ্রিজ উপহার দেন। এতদিন ফ্রিজটি বিভাগীয় প্রধানের কক্ষেই ছিল এবং শিক্ষকরা প্রয়োজন অনুযায়ী সেটি ব্যবহার করতেন।
সম্প্রতি ফ্রিজটি বিভাগীয় প্রধান মো. আব্বাছ আলীর বাসায় রয়েছে এমন তথ্য ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আলোচনা শুরু হয়। পরে ঘটনাটি প্রকাশ্যে এলে কলেজ প্রশাসনেরও নজরে আসে।
এ বিষয়ে বিভাগীয় প্রধানের বক্তব্য, বিভাগীয় কার্যালয়ে ফ্রিজটির তেমন প্রয়োজন হচ্ছিল না। এদিকে তার বাসার ফ্রিজ নষ্ট হয়ে যাওয়ায় এবং ঢাকায় থাকা মেয়ের রান্না করা খাবার সংরক্ষণের প্রয়োজন হওয়ায় সাময়িকভাবে মিনি ফ্রিজটি বাসায় নেওয়া হয়েছিল। ব্যক্তিগতভাবে ফ্রিজটি নিজের কাছে রাখার কোনো উদ্দেশ্য ছিল না বলেও জানান তিনি।
কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর বলেন, বিভাগের কোনো সামগ্রী ব্যক্তিগত বাসায় নেওয়ার বিষয়টি নিয়মসঙ্গত নয়। বিষয়টি জানার পর বিভাগীয় প্রধানের সঙ্গে কথা বলা হয়েছে এবং তিনি ফ্রিজটি কলেজে ফিরিয়ে দিয়েছেন।
কলেজ প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের সরঞ্জাম ব্যবহারে ভবিষ্যতে নিয়ম মেনে চলার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সদ্য সংবাদ/এসএস