লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে কৃষকদের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বাংলাদেশি কৃষকদের সঙ্গে বিরোধের একপর্যায়ে বিএসএফ সদস্যরা পিছু হটে যাওয়ার সময় দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে যান।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি-আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সীমান্তসংলগ্ন নিজেদের জমিতে কয়েকজন কৃষক কাজ করছিলেন। এ সময় বিএসএফের কয়েকজন সদস্য সেখানে এসে তাদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কৃষক ও বিএসএফ সদস্যদের মধ্যে ধস্তাধস্তি হয়।
একপর্যায়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করেন। তখন তারা সীমান্তের দিকে সরে যাওয়ার সময় দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে যান বলে স্থানীয়দের দাবি।
ঘটনার খবর পেয়ে বিজিবির বনচৌকি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে সেখানে পড়ে থাকা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় বিজিবি।
ঘটনার পর সীমান্ত এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে যান বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।
তিনি জানান, ঘটনাটি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। বৈঠকের পর ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
সদ্য সংবাদ/এসএস