সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা সেতু পশ্চিম পাড় ইকোপার্ক এলাকার একটি গোলঘর থেকে মো. সালাম ওরফে রঞ্জু সর্দার (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যার দিকে স্থানীয়রা গোলঘরের ভেতরে ওই ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত মো. সালাম ওরফে রঞ্জু সর্দার উল্লাপাড়া উপজেলার প্রতাপ গ্রামের বাসিন্দা। তিনি মৃত ওমর আলী সর্দারের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বৃদ্ধের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সদ্য সংবাদ/এসকে