মাদারীপুর সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটে মাদারীপুর সদর মডেল থানাধীন রাজারচর এলাকায় আরিফ চৌকিদারের মাছের ঘেরের পূর্ব পাশের পাড়ে অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শামীম চৌকিদার (৩০) ও মো. রাব্বি জমাদ্দার (২৪) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার শামীম চৌকিদার রাজারচর এলাকার লুৎফর চৌকিদারের ছেলে এবং মো. রাব্বি জমাদ্দার খোয়াজপুর টেকেরহাট এলাকার দেলোয়ার হোসেন জমাদ্দারের ছেলে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
সদ্য সংবাদ/এসকে