দীর্ঘ সাত মাস ধরে শেরপুর জেলা বিএনপির কোনো কমিটি নেই। এর ফলে দলটির অভ্যন্তরীণ বিভক্তি আরও স্পষ্ট হয়ে উঠেছে। নেতৃত্বহীন এই অবস্থায় দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিও নেতারা সম্পূর্ণ আলাদাভাবে পালন করেছেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকালে শহরের রঘুনাথ বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে দুই পক্ষ ভিন্ন ভিন্ন সময়ে পতাকা উত্তোলন করে। সকাল ৭টায় জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশের নেতৃত্বে দলটির একাংশ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। ঠিক আধা ঘণ্টা পর সকাল সাড়ে ৭টায় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরীর নেতৃত্বে অপর অংশ সেখানে পতাকা উত্তোলন কর্মসূচি পালন করে।
পরবর্তীতে দুপুর ১২টায় শহরের থানা মোড়ে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলীর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করে একটি পক্ষ। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় এই সমাবেশে বক্তব্য দেন মামুনুর রশিদ পলাশ, অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম প্রমুখ।
অন্যদিকে বিকেল ৪টায় দলীয় কার্যালয়ের সামনে অপর অংশটি আনন্দ শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে। আব্দুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল। এখানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান তারা, সাবেক যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রূপন, কামরুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ এমদাদুল হক মাস্টার ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শওকত হোসেন।
সদ্য সংবাদ/এআর