সিরাজগঞ্জে আদালত ভবন থেকে পালিয়ে যাওয়া চুরির মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলি বাজারসংলগ্ন একটি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুল মোমিন (২২)। তিনি সিরাজগঞ্জ শহরের কোবদাসপাড়ার আব্দুস সবুরের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ও জেলা ডিএসবি শাখার সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আদালতে হাজিরা দেওয়ার জন্য কারাগার থেকে কয়েকজন আসামির সঙ্গে মোমিনকে সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলার হাজতখানায় নেওয়া হয়। সেখানে থাকা অবস্থায় একপর্যায়ে তিনি পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে বেরিয়ে যান।
এরপর আদালতের দ্বিতীয় তলার বারান্দায় গিয়ে গ্রিলবিহীন অংশ দিয়ে নিচে লাফ দেন মোমিন। এভাবে আদালত ভবন থেকে বেরিয়ে পালিয়ে যেতে সক্ষম হন তিনি।
ঘটনার পরপরই তাকে ধরতে অভিযান শুরু করে পুলিশ। প্রায় দুই দিন ধরে বিভিন্ন স্থানে অভিযান ও নজরদারির পর শনিবার যৌথ অভিযানে তার অবস্থান শনাক্ত করা হয়। পরে ছাতিয়ানতলি বাজারের পাশের একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আসামিকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সদ্য সংবাদ/এসএস