নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাহিয়া মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে শহরের শিক্ষা চত্বর এলাকার পৌর পার্কে আয়োজিত নারী উদ্যোক্তা মেলা থেকে তাকে আটক করা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে মাহিয়া মনিকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পৌর পার্কের নারী উদ্যোক্তা মেলায় অভিযান পরিচালনা করে তাকে হেফাজতে নেয় পুলিশ।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে মাহিয়া মনি নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচার এবং সরকারবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
মাহিয়া মনি শিবপুর উপজেলার সৃষ্টিঘর গ্রামের মজিবুর রহমানের মেয়ে। তার স্বামী জয়নাল ভূইয়া। তিনি আওয়ামী যুব মহিলা লীগের নরসিংদী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানিয়েছে, মাহিয়ার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর ঢাকার যাত্রাবাড়ী থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। এ ছাড়া ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি শিবপুর মডেল থানায় দায়ের করা আরেকটি মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
নরসিংদী মডেল থানার ওসি এ আর এম আল মামুন জানান, গোপন তথ্যের ভিত্তিতে পৌর পার্কের মেলা থেকে মাহিয়া মনিকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে রোববার তাকে আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সদ্য সংবাদ/এসএস