লালমনিরহাটের কালীগঞ্জে কৃষকদের জন্য বরাদ্দ করা সার অন্য এলাকায় সরিয়ে নেওয়া এবং খুচরা বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে বিএনপি নেতা ও সার ডিলার আরিফুল ইসলাম নয়নকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকায় ‘রহমান ট্রেডার্স’- এ অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
জরিমানাপ্রাপ্ত আরিফুল ইসলাম নয়ন রুদ্রেশ্বর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তিনি কাকিনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
স্থানীয়দের অভিযোগ, কাকিনা ইউনিয়নের কৃষকদের জন্য বরাদ্দ করা সার নির্ধারিত বিক্রয়কেন্দ্রে সরবরাহ না করে অন্য এলাকায় বিক্রি করা হচ্ছিল। ফলে স্থানীয় খুচরা বাজারে সারের সংকট তৈরি হয়।
রোববার দুপুরে কৃষকরা সার কিনতে রহমান ট্রেডার্সে গেলে প্রয়োজনীয় সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তারা একত্রিত হয়ে বিক্ষোভ করেন এবং আরিফুল ইসলাম নয়নকে তার ব্যবসাপ্রতিষ্ঠানে অবরুদ্ধ করে রাখেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সেখানে উপস্থিত হন।
এ সময় তিনি প্রতিষ্ঠানের গুদামে থাকা সার ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করেন। প্রশাসনের দাবি, পরিদর্শনে এক অঞ্চলের জন্য বরাদ্দ করা সার অন্য এলাকায় বিক্রির প্রমাণ পাওয়া যায়।
পরে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী উপস্থিত কৃষক ও স্থানীয়দের সামনে আরিফুল ইসলাম নয়নকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কৃষকদের জন্য বরাদ্দ করা সার অন্যত্র সরিয়ে নেওয়া কিংবা কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ নেই। গোপন সংবাদের পাশাপাশি স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। সার বিতরণে অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আরিফুল ইসলাম নয়নকে আটক করা হয়েছিল। পরে ২০ হাজার টাকা জরিমানা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পর এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সদ্য সংবাদ/এসকে