কুড়িগ্রাম সদর উপজেলার উত্তর কুমরপুরে নিখোঁজের প্রায় আট ঘণ্টা পর বিথী রানী (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাড়ির পাশে টিউবওয়েলের পানির গর্ত থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মরদেহটি পাওয়া যায়। এর আগে একই দিন দুপুর ১২টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশুটি।
শিশুটি নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে কুড়িগ্রাম সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে স্বজনরা বিভিন্ন স্থানে তার সন্ধান করতে থাকেন। একপর্যায়ে রাত ৯টার দিকে বাড়ির পাশের টিউবওয়েলের পানির গর্তে বিথীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বিথী রানী সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কুমরপুর ডুংডুংগীরহাট গ্রামের অমল চন্দ্রের মেয়ে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সদ্য সংবাদ/ এআর