নেত্রকোণায় সরকারি ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েকজনের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
আটক সৈয়দা সাদিয়া ইসলাম এনসিপির নেত্রকোণা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। পাশাপাশি তিনি নেত্রকোণা সরকারি কলেজে অনার্সে পড়াশোনা করছেন। তার বাড়ি সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেতুলিয়া এলাকায়।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, কুরপাড় এলাকার কয়েকজন বাসিন্দাকে সরকারি ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে সাদিয়া ইসলাম অর্থ নিয়েছেন এমন অভিযোগ ওঠে। তাদের মধ্যে ইতি আক্তার, সুমি আক্তার ও মোছা. প্রিয়া আক্তার রয়েছেন। মোট পাঁচজনের কাছ থেকে তিনি ১৫ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কুরপাড় মাস্টারবাড়ি এলাকায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে এলাকাবাসী সাদিয়াকে আটক করে পুলিশকে খবর দেন। পরে তাকে নেত্রকোণা মডেল থানায় নিয়ে হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযোগটি প্রাথমিকভাবে যাচাই করা হচ্ছে। ফ্যামিলি কার্ড দেওয়ার নামে অর্থ নেওয়ার অভিযোগের পেছনে প্রকৃত ঘটনা কী, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, স্থানীয়দের মাধ্যমে ওই নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অর্থ নেওয়ার যে অভিযোগ করা হয়েছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সদ্য সংবাদ/এসএস