তিন বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মাকে হারিয়েছিলেন তাসনিম রিফাত। সেই শোক কাটিয়ে পরিবার যখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছিল, তখনই নেমে এলো আরেকটি বড় শোক। চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর গানার তাসনিম রিফাত (২৮)।
বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রিফাতের গ্রামের বাড়ি রাজশাহীর পবা উপজেলার বিন্দারামপুর গ্রামে। দুর্ঘটনার খবর বুধবার দুপুরেই তাঁর গ্রামের বাড়িতে পৌঁছায়। খবর পেয়ে স্বজন ও প্রতিবেশীরা দ্রুত রিফাতের বাড়িতে জড়ো হতে শুরু করেন।
বিকেলে বাড়িতে গিয়ে দেখা যায়, শোকাহত বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আসাদুল ইসলামকে স্বজনেরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। কেউ কান্নায় ভেঙে পড়েছেন, আবার ঘরের ভেতর থেকেও ভেসে আসছিল আহাজারির শব্দ। বাড়ির বাইরে নীরবে দাঁড়িয়ে থাকা স্বজন ও প্রতিবেশীদের মধ্যেও ছিল গভীর শোকের আবহ।
পরিবারের সদস্যরা জানান, চার ভাইবোনের মধ্যে রিফাত ছিলেন দ্বিতীয়। ছোটবেলা থেকেই পরিবারের স্বপ্নের অংশ ছিলেন তিনি। পরে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। সেনাবাহিনীর আর্মড কোরে কর্মরত রিফাত চট্টগ্রাম সেনানিবাসের ১৫ স্বতন্ত্র সাঁজোয়া স্কোয়াড্রনে দায়িত্ব পালন করছিলেন।
কর্মজীবনে দায়িত্বশীল ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিতি ছিল তাঁর। স্ত্রী ও কন্যাসন্তানকে নিয়ে চট্টগ্রাম সেনানিবাসের সরকারি বাসভবনে বসবাস করতেন। দায়িত্বের কারণে নিয়মিত গ্রামের বাড়িতে আসতে না পারলেও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি।
রিফাতের বাবা আসাদুল ইসলাম জানান, বুধবার রাত ১০টায় চট্টগ্রাম সেনানিবাসের জসিম হলে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে হেলিকপ্টারে করে মরদেহ ঢাকায় নেওয়া হবে। পরে রাজশাহী সেনানিবাসে নেওয়ার পর বৃহস্পতিবার সকালে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। সূত্র: আজকের পত্রিকা
সদ্য সংবাদ/ এআর