চট্টগ্রামের সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে ৭০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারে ব্যবহৃত তিনটি ট্রাক জব্দের পাশাপাশি দুজনকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী। অভিযানের সময় ট্রাক থেকে একটি কার্গো বোটে ইউরিয়া সার তোলার কাজ চলছিল।
পরে ঘটনাস্থল থেকে ৭০০ বস্তা সার জব্দ করা হয়। প্রতিটি বস্তার হিসাব অনুযায়ী উদ্ধার করা সারের মোট পরিমাণ দাঁড়ায় ৩৫ হাজার কেজি। কোস্ট গার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা সারের বাজারমূল্য প্রায় ২৪ লাখ ৫০ হাজার টাকা।
অভিযান চলাকালে পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
এ ঘটনায় উদ্ধার হওয়া সার, পাচারে ব্যবহৃত তিনটি ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান। তিনি বলেন, চোরাচালান বন্ধে উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের নজরদারি ও অভিযান নিয়মিতভাবে চলবে।
সদ্য সংবাদ/এসএস