ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে টাঙ্গাইলে র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের আঙিনা নিজ হাতে পরিষ্কার করেছেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে হাসপাতালের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা সরানোর পাশাপাশি পানি জমে থাকা স্থান পরিষ্কার এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের কাজে অংশ নেন প্রতিমন্ত্রী।
ডেঙ্গু প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামী তিন মাস ডেঙ্গুর বিস্তারের দিক থেকে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময়। এ সময়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের কোনো বিকল্প নেই। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসাসহ যেখানে পানি জমতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। একই সঙ্গে বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগ সফল করতে দেশজুড়ে ধারাবাহিকভাবে সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে এডিস মশার বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার ওপরও গুরুত্ব দেন তিনি।
কর্মসূচিতে জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আব্দুল কুদ্দুছ, জেনারেল হাসপাতালের উপপরিচালক খন্দকার সাদিকুর রহমানসহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।
সদ্য সংবাদ/এসকে