আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফিরে এসে আইন ও আদালতের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, ঘুপচি রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না; গণতন্ত্রের পথেই বিশ্বাসী তারা। আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে তিনি বলেন, সৎ সাহস থাকলে পালিয়ে না থেকে দেশের আইন-আদালতের মুখোমুখি হতে হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জাহিদ হোসেন।
বিগত সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে মন্ত্রী বলেন, যারা গুলি করে মানুষ হত্যা করেছে, রাষ্ট্রীয় সম্পদ লুট করেছে এবং মেগা প্রকল্পের নামে বড় ধরনের দুর্নীতি করেছে, তাদের প্রত্যেকের জবাবদিহি বাংলাদেশের মাটিতেই নিশ্চিত করা হবে।
তিনি বলেন, অভিযুক্তদের আদালতে গিয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করতে হবে। দেশের মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তার অভিযোগ, স্বৈরাচারের সহযোগীরা বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে নানা ধরনের উসকানি ছড়াচ্ছে। এর মাধ্যমে ‘মব কালচার’ তৈরি করে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত নেতা-কর্মীদের মতবিনিময় সভায় ত্যাগী নেতাদের মূল্যায়নের বিষয়টি নিয়ে হট্টগোলের সৃষ্টি হয়।
সভায় বিএনপির আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে ধরে জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল। এ সময় তিনি দাবি করেন, দলের শত শত নেতা-কর্মী গুমের শিকার হয়েছেন এবং লাখ লাখ নেতা-কর্মীকে কারাগারে যেতে হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। নানা প্রতিকূলতার মধ্যেও বিএনপির নেতা-কর্মীদের মনোবল ভেঙে পড়েনি এবং দলের প্রতি তাদের আনুগত্যে কোনো ঘাটতি তৈরি হয়নি।
মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জাসাস নেতা ইউনুস শেখ, যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মনিরুজ্জামান মানিকসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসকে