৪২ বছর ধরে কখনো হাতে চক, বই-খাতা- শিক্ষার্থীদের মানুষ করার কাজে কেটেছে জীবনের সোনালি সময়। আজ সেই প্রিয় শ্রেণিকক্ষ, সহকর্মী আর শিক্ষার্থীদের ছেড়ে অবসর জীবনে পা রাখলেন লক্ষ্মী রাণী দেব।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মধ্য মিঠানালা আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তিনি। শনিবার সকালে ছিল তার বিদায়ের দিন। শেষবারের মতো অফিসে সহকর্মীদের সঙ্গে সাক্ষাৎ। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় বর্ণাঢ্য বিদায় সংবর্ধনার। মানপত্র পাঠ, স্মৃতিচারণ আর উপহার প্রদানের মধ্য দিয়ে সহকর্মীরা তুলে ধরেন দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতি।
৪২ বছরের শিক্ষকতা জীবনে মিরসরাই ও পাশ্ববর্তী ফটিকছড়ি উপজেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী শিক্ষিকা ও প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেছেন লক্ষ্মী রাণী দেব। দীর্ঘ এই পথচলায় অসংখ্য শিক্ষার্থী পেয়েছেন তার স্নেহ, শাসন আর জ্ঞানের আলো।
বিদায়ের মুহূর্তে ফিরে আসে সেইসব দিনের স্মৃতি। আবেগ ধরে রাখতে পারেননি লক্ষ্মী রাণী দেব। অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
প্রিয় শিক্ষিকার সঙ্গে কাটানো স্মৃতি বলতে গিয়ে চোখে পানি আসে সহকর্মী ও শিক্ষার্থীদেরও।
সদ্য সংবাদ/এসকে