ঢাকা-আরিচা মহাসড়কের সাভার অংশে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলের চেষ্টাকালে আটজনকে আটক করেছে ডিবি পুলিশ। পলাতক এক ছাত্রলীগ নেতার অর্থায়নে এই মিছিলের আয়োজন করা হয় বলে জানা গেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা (উত্তর) ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম।
এর আগে দুপুর ১টার দিকে সাভারের বিপিএটিসি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরমুখী লেনে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন—ফিরোজ মিয়া (২৪), রিয়াদ (১৮), সোয়াদ (১৮), মাসুম (১৮), জিন্নাত (১৯), ইসমাইল হোসেন (২০), তামিম সিকদার (১৮) ও সাকিন ইসলাম (১৮)। তাঁরা বিভিন্ন জেলা থেকে এসে সাভারে পোশাকশ্রমিক ও দোকানকর্মচারী হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, পলাতক সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ানের অর্থায়নে ওই যুবকেরা মিছিলটি বের করার চেষ্টা করেন। এ সময় তাঁরা একটি ককটেল বিস্ফোরণ ঘটান। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে আলামত জব্দ করা হয়েছে।
ওসি সাইদুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণ ও মিছিলের চেষ্টাকালে আটজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সদ্য সংবাদ/ এআর