পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খাবারের মান ও পরিমাণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর এমপি। হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগীদের খাবার পরীক্ষা করে তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিরোজপুর সদর হাসপাতালে যান দুই প্রতিমন্ত্রী। এ সময় তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। রোগীরা নিয়মিত ওষুধ ও চিকিৎসাসেবা পাচ্ছেন কি না এবং সেবা নিতে গিয়ে কোনো ধরনের সমস্যায় পড়ছেন কি না, সে বিষয়েও খোঁজ নেন তারা।
পরিদর্শনের একপর্যায়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবার সরেজমিনে দেখেন দুই প্রতিমন্ত্রী। নির্ধারিত খাদ্যতালিকা অনুযায়ী খাবারের পরিমাণ, মান ও পরিবেশনের বিষয়টি তারা পর্যবেক্ষণ করেন।
এ সময় খাবারের মান ও পরিবেশন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তারা। রোগীদের নির্ধারিত পরিমাণে মানসম্মত খাবার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন দুই প্রতিমন্ত্রী।
হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শনকালে পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসাসেবার পরিবেশ এবং রোগীদের সুযোগ-সুবিধার বিষয়েও গুরুত্ব দেন তারা। হাসপাতালকে আরও রোগীবান্ধব করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন দুই প্রতিমন্ত্রী।
পাশাপাশি রোগীদের খাবার সরবরাহে কোনো ধরনের অনিয়ম, কম দেওয়া বা নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ যাতে না ওঠে, সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত নজরদারি করার নির্দেশনা দেওয়া হয়।
পরিদর্শনের সময় পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানসহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসকে