বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর রাফি আকন (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে দক্ষিণ আমড়াগাছিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত শুক্রবার বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় রাফি। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে পরদিন শনিবার শরণখোলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।
মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান শিশুটির মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
রাফি খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের জসিম আকনের ছেলে। সে আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ পাঁচজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সদ্য সংবাদ/ এআর