মুন্সীগঞ্জের শ্রীনগরে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টা ৪৫ মিনিটে শ্রীনগর স্টেডিয়ামসংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে জেলা পুলিশ সুপারের কঠোর দিকনির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করছে ডিবি পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. হাসিব আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ শ্রীনগর থানার স্টেডিয়ামসংলগ্ন ‘গ্যারান্টি ফার্নিচার’ দোকানের সামনের পাকা রাস্তার ওপর অভিযান চালান।
অভিযানকালে সন্দেহভাজন হিসেবে দুই নারীকে তল্লাশি করে তাঁদের হেফাজত থেকে মোট ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন পদ্মাসেতু উত্তর থানার দক্ষিণ মেদিনী মণ্ডল (যশলদিয়া প্রজেক্ট, ভাসমান) এলাকার নুর ইসলামের স্ত্রী মোসা. সাবিনা বেগম (৩০) এবং একই এলাকার বর্তমানে শ্রীনগর উপজেলা সংলগ্ন জিল্লু মিয়ার বাড়ির ভাড়াটিয়া আশরাফ ইসলামের স্ত্রী মোছা. আইরিন ওরফে রত্না বেগম (৩৮)।
ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত হেরোইনসহ আটক দুই আসামির বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সদ্য সংবাদ/ এআর