কুষ্টিয়ার পাটিকাবাড়ীতে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে। এতে বিএনপির ৫-৬ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। এ ঘটনার পর পাল্টা হামলার অভিযোগও উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। তারা আওয়ামী লীগের এক নেতার বাড়িতে ভাঙচুরের পাশাপাশি তার পাটের গোডাউনে আগুন দিয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার পাটিকাবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলকোলা গ্রামে ঘটনাগুলো ঘটে।
বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. রুহুলের নেতৃত্বে বিএনপির কার্যালয়ে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার ব্যক্তিদের ভাষ্য, সন্ধ্যার পর নলকোলা গ্রামের ১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা বসে মুড়ি-চানাচুর খাচ্ছিলেন। এ সময় প্রায় ৫০-৬০ জন ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে সেখানে প্রবেশ করেন।
তাদের দাবি, রুহুলের নেতৃত্বে আসা ওই ব্যক্তিরা কার্যালয়ে ভাঙচুর চালানোর পাশাপাশি বিএনপির কয়েকজন সমর্থককে মারধর করেন। এতে ৫-৬ জন আহত হয়েছেন।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, কয়েক দিন আগে আওয়ামী লীগের সমর্থকেরা এলাকায় মিছিল বের করেছিলেন। ওই ঘটনায় ইবি থানায় একটি নাশকতার মামলা হয়। মামলায় আওয়ামী লীগ নেতা রুহুলসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়।
তাদের অভিযোগ, মঙ্গলবার আদালত থেকে জামিন পাওয়ার পর রুহুলসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় ফেরেন। এরপর তারা মিষ্টি বিতরণ করেন এবং পরে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান।
এ হামলার খবর ছড়িয়ে পড়ার পর বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা রুহুলের বাড়িতে হামলা চালান বলে জানা গেছে। এ সময় তার বাড়িতে ভাঙচুরের পাশাপাশি পাটের গোডাউনে আগুন ধরিয়ে দেওয়া হয়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফয়সাল মাহমুদ বলেন, ইবি থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। তিনিও ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্তের পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সদ্য সংবাদ/ এআর