টাঙ্গাইলের ভূঞাপুরে ৩০০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার দুজন নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে এলেঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়। টাঙ্গাইল ডিবি দক্ষিণের এসআই রিয়াজ উদ্দিনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভূঞাপুর উপজেলার চিতুলিয়াপাড়া এলাকার আজাহার আলীর ছেলে হাছান আলী (৩৭) এবং একই এলাকার আব্দুল হকের ছেলে মাহমুদুল হাসান (৩৪)।
ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এলেঙ্গা এলাকায় তাদের গতিবিধির ওপর নজর রাখা হয়। পরে সন্দেহ হলে দুজনকে তল্লাশি করা হয়। এ সময় হাছান আলীর কাছ থেকে ১৫০ পিস এবং মাহমুদুল হাসানের কাছ থেকে আরও ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
ডিবি দক্ষিণের এসআই রিয়াজ উদ্দিন জানান, মাদক উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সদ্য সংবাদ/এসকে