ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেওয়ার পর থেকেই চাঁদপুরে এক উপপরিদর্শকের (এসআই) খোঁজ মিলছে না। কর্মস্থল নতুন বাজার পুলিশ ফাঁড়ি কিংবা বাসা-কোথাও পাওয়া যাচ্ছে না এসআই মামুন উর রশিদকে। এ ঘটনায় পুলিশ বিভাগে শুরু হয়েছে আলোচনা-চাঞ্চল্য।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশে সদস্যদের ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেওয়া হয়। এরই মধ্যে এসআই মামুন উর রশিদের ডোপ টেস্ট করার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে তাকে ফাঁড়িতে পাওয়া যায়নি। পরে তার কর্মস্থল ও বাসায় খোঁজ করেও সন্ধান মেলেনি।
নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী ডোপ টেস্টের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু এসআই মামুনকে পাওয়া যায়নি। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। বিধি অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার রাতে চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত দুই দিন ধরে এসআই মামুন উর রশিদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তার ডোপ টেস্ট হওয়ার কথা ছিল।
পুলিশ সুপার আরও জানান, বিষয়টি এখন আইনগত প্রক্রিয়ায় নেওয়া হবে এবং বিধি অনুযায়ী এসআই মামুনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সদ্য সংবাদ/এসকে