চিকিৎসার জন্য মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে আটক হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক এম এ খালেক। বৃহস্পতিবার সকালে ইমিগ্রেশন পুলিশের যাচাই-বাছাইয়ের সময় তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, এম এ খালেক চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার জন্য দর্শনা সীমান্তে আসেন। ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তার পরিচয় ও ভ্রমণসংক্রান্ত তথ্য যাচাই করা হলে তাকে আটকে দেওয়া হয়। পরে বিষয়টি মেহেরপুর পুলিশকে জানানো হয়।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিন মিয়া জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক এম এ খালেক মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। যাচাইয়ের পর তাকে আটক করা হয়েছে।
পরে আটক এম এ খালেককে মেহেরপুর পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে জানিয়েছে দর্শনা থানা পুলিশ। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে, এম এ খালেকের বিরুদ্ধে গাংনী থানায় একটি মামলা রয়েছে এবং এর আগে একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে এসব বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষের মাধ্যমে এগোবে।
সদ্য সংবাদ/এসকে