ঢাকার সাভারের ঢাকা নতুন ইপিজেডে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিনামূল্যে যক্ষ্মা রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়েছে। রিং শাইন টেক্সটাইলস লিমিটেডসহ ইপিজেডের বিভিন্ন প্রতিষ্ঠানে স্থাপন করা স্বাস্থ্যসেবা ক্যাম্পের মাধ্যমে শ্রমিকদের বিনামূল্যে যক্ষ্মা পরীক্ষা, রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, শ্রমিকদের মধ্যে যক্ষ্মা রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনাই এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে যক্ষ্মা রোগ সম্পর্কে শ্রমিকদের সচেতন করতেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
রিং শাইন টেক্সটাইলস লিমিটেডে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অনিরুদ্ধ পিয়ালের সহযোগিতায় এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জানা গেছে, ঢাকা নতুন ইপিজেডের প্রায় ১৯টি প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে স্বাস্থ্যসেবা ক্যাম্প স্থাপন করে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আগামী দিনগুলোতেও বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে যক্ষ্মা পরীক্ষা ও চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
প্রতিটি ক্যাম্পে ছয় সদস্যের একটি দল কাজ করছে। তাঁরা শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং যক্ষ্মা রোগ সম্পর্কে সচেতনতামূলক তথ্য প্রদান করছেন।
এ কার্যক্রমের সঙ্গে আইআরডি বাংলাদেশের হেলথ অ্যান্ড সাইকোসোশ্যাল কাউন্সেলর শেখ ফারুক এবং জেনেরিক হেলথকেয়ার লিমিটেডের জেনারেল ম্যানেজার (অপারেশন্স) মো. মুজতবা আলী মাসুম সংশ্লিষ্ট রয়েছেন।
সংশ্লিষ্টরা বলছেন, কর্মক্ষেত্রে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে যক্ষ্মার মতো সংক্রামক রোগ দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় আনা গেলে রোগের বিস্তার নিয়ন্ত্রণে সহায়তা করা সম্ভব।
সদ্য সংবাদ/ এআর