ঢাকার আশুলিয়ায় জাল টাকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)। এ সময় তাদের কাছ থেকে ৭৩ হাজার টাকার জাল নোট ও তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এসআরবি-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জের শিবালয় থানার সাজ্জাদ হোসেন আকাশ (২৫) ও ইভান রানা (২০), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মামুন মিয়া (২৪) এবং পটুয়াখালীর নাদিম সর্দার (২০)।
এসআরবি জানায়, অভিযানে ৫০, ১০০, ২০০ ও ৫০০ টাকা মূল্যমানের মোট ৭৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া জাল নোট তৈরিতে ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে এসে আশুলিয়ায় আস্তানা গেড়ে জাল টাকা তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
এসআরবি-৪ এর অধিনায়ক বলেন, জব্দ করা ল্যাপটপ ও প্রিন্টারের ফরেনসিক পরীক্ষা করা হবে। এর মাধ্যমে এই চক্রের সাথে জড়িত অন্য সদস্য ও দেশব্যাপী সরবরাহ নেটওয়ার্কের তথ্য পাওয়া যাবে। জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
সদ্য সংবাদ/এসকে