কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে নতুন মোড় এসেছে। সন্দেহভাজন হিসেবে তুহিনকে আটকের পর এবার আনাস নামে আরও একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার। তবে আনাসকে কোথা থেকে এবং কীভাবে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অপ্রতিমের মৃত্যুর ঘটনায় বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করে সন্দেহভাজনদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের অংশ হিসেবেই আনাসকে হেফাজতে নেওয়া হয়েছে।
এর আগে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে তুহিনকে আটক করা হয়। তার সঙ্গে অপ্রতিমের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল কি না এবং ঘটনার সঙ্গে তার ভূমিকা কী, তা খতিয়ে দেখছে পুলিশ।
১৩ বছর বয়সী অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে। গত শুক্রবার বন্ধুদের সঙ্গে ছবি তুলতে যাওয়ার কথা বলে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সে।
পরদিন শনিবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন এলাকা থেকে অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তার সঙ্গে থাকা আইফোনটিও এখন পর্যন্ত উদ্ধার হয়নি।
পুলিশ জানিয়েছে, অপ্রতিমের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও আলামত যাচাই করা হচ্ছে।
সদ্য সংবাদ/এসকে