বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে সিরাতুন্নবী (সা.) মাস উদযাপন উপলক্ষে সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ই সেপ্টেম্বর) বিকাল ৪টায় মুন্সীগঞ্জ পৌরসভার শীলমন্দিরস্থ পালকি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামালী তালিমুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ মাওলানা মুহাম্মদ জামাল উদ্দীন।
প্রধান বক্তার বক্তব্যে শাইখ জামাল উদ্দীন বলেন, একজন খাঁটি মুসলমান হিসেবে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাতের পূর্ণাঙ্গ অনুসরণ ও অনুকরণ করতে হবে। তাঁর রেখে যাওয়া আদর্শ ও পথনির্দেশনাই মানবজাতির ইহকাল ও পরকালের মুক্তির একমাত্র মাধ্যম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন মুন্সীগঞ্জ শহর জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মুহাম্মদ আবরারুল হক হাতিমী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ, মুন্সীগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী, গজারিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ নূরে আলম, মুন্সীগঞ্জ কলেজের অধ্যক্ষ মো. জুনায়েদ বোগদাদী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মুন্সীগঞ্জ জেলা সভাপতি মো. রিফাত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সিরাতুন্নবী (সা.) মাস উপলক্ষে জামায়াতের পুরুষ ও মহিলা রুকন এবং কর্মীদের জন্য পৃথক চারটি গ্রুপে সিরাত পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে প্রতিটি গ্রুপের সেরা ১০ জন বিজয়ী, অর্থাৎ মোট ৪০ জন প্রতিযোগীর হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।
সদ্য সংবাদ/এসকে