শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে নেওয়া হয়।
পারিবারিক সূত্র জানায়, শনিবার সকাল থেকেই অসুস্থতা অনুভব করছিলেন সাইদুর রহমান বাচ্চু। পরে তীব্র মাথাব্যথা ও বুকব্যথা শুরু হলে রাতে ঠিকমতো ঘুমাতে পারেননি তিনি। রোববার সকালে অবস্থার আরও অবনতি হলে তাকে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা তার শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। মস্তিষ্কে রক্তক্ষরণের আশঙ্কার কথা জানিয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর পরিবারের সদস্যরা তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেন।
বাচ্চুর ব্যক্তিগত সহকারী শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোববার দুপুরে তাকে ঢাকার উদ্দেশে নেওয়া হয়েছে। তিনি বাচ্চুর দ্রুত সুস্থতার জন্য দলীয় নেতাকর্মীসহ সবার কাছে দোয়া চেয়েছেন।
এদিকে, বাচ্চুর অসুস্থতার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন কনটেন্ট ও মানসিক চাপকে দায়ী করেছে তার পরিবার। পরিবারের সদস্যদের অভিযোগ, গত কয়েক মাস ধরে একটি পক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তার ছবি ও বিভিন্ন বিতর্কিত কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এতে তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপের মধ্যে ছিলেন বলে দাবি তাদের।
পরিবারের সদস্যরা আরও বলেন, রাজনৈতিক জীবনে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে গেলেও সাম্প্রতিক সময়ের মতো তাকে এতটা মানসিকভাবে বিপর্যস্ত আগে দেখা যায়নি। বিষয়টি নিয়ে তিনি দলীয় স্বার্থ ও রাজনৈতিক পরিবেশ বিবেচনায় কোনো আইনি পদক্ষেপ নেননি বলেও দাবি পরিবারের।
তাদের অভিযোগ, ধারাবাহিকভাবে এসব কনটেন্ট ছড়িয়ে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দলের স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান টুকুর কাছে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে বাচ্চুর পরিবার।
সদ্য সংবাদ/এসএস