‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা

সদ্য সংবাদ ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৬ ২২:১৪:২৮
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার বিতরণকে ঘিরে কৃষি কর্মকর্তাকে আটকে রেখে মারধরের অভিযোগে দায়ের হওয়া মামলার পর কয়েকটি গ্রামের কৃষকের মধ্যে গ্রেপ্তারের ভয় দেখা দিয়েছে। কৃষকদের ভাষ্য, প্রয়োজন অনুযায়ী সার দাবি করায় তাদের মামলার আসামি করা হয়েছে। অন্যদিকে উপজেলা কৃষি কর্মকর্তার বক্তব্য, তাকে অবরুদ্ধ করে মারধরের ঘটনায় আইন অনুযায়ী মামলা করা হয়েছে।

গত ৭ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের শহীদ মোড় এলাকায় বিএডিসির সার ডিলার আমজাদ হোসেনের মেসার্স আফি সার ঘরে সার বিতরণের সময় ঘটনাটি ঘটে। ওই রাতেই উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।

মামলার পর ৮ সেপ্টেম্বর থেকে আত্মগোপনে রয়েছেন উপজেলার গনাইয়েরকুটি মধ্যপাড়া গ্রামের কৃষক সুলতান মোল্লা (৩৮)। তার স্ত্রী শিউলী বেগম জানান, সার নেওয়ার জন্য ঘটনাস্থলে গিয়েছিলেন তার স্বামী। এরপর মামলার আসামি হওয়ায় তিনি বাড়িতে থাকতে পারছেন না। এতে জমির ফসলের পরিচর্যাও ব্যাহত হচ্ছে। অর্থসংকটের কারণে স্বামীর জামিনের ব্যবস্থাও করতে পারছেন না বলে জানান তিনি।

এই মামলায় গ্রেপ্তার হওয়া কৃষক আল আমিন মোল্লা (৪৭) আট দিন কারাগারে থাকার পর জামিনে বের হয়েছেন। তার দাবি, কোনো অপরাধ না করেও শুধু সার চাওয়ার কারণে তাকে কারাভোগ করতে হয়েছে। এ অভিজ্ঞতা তার জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়ে থাকবে বলেও জানান তিনি।

আল আমিনের স্ত্রী রওশান আরা বেগম বলেন, স্বামীকে কারাগার থেকে বের করতে তাকে প্রায় ২০ হাজার টাকা ঋণ করতে হয়েছে। জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরার পর আল আমিন মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও জানান তিনি।

কৃষক সুরুজ মিয়া (৪৫) বলেন, সার নিয়ে তারা বিক্ষোভ করেছিলেন। তবে কৃষি কর্মকর্তাকে কেউ মারধর করেননি বলে দাবি তার। দেশের মানুষের খাদ্যের জন্য ফসল উৎপাদন করতে গিয়ে কারাগারে যেতে হয়েছে—এ ঘটনায় এখন কৃষিকাজের প্রতিও তার আগ্রহ কমে গেছে বলে জানান তিনি।

স্থানীয় কৃষক কলিম উদ্দিন জানান, তার ভাইসহ অনেক কৃষক মামলার পর গ্রেপ্তারের আশঙ্কায় বাড়িতে থাকতে পারছেন না। দিনের বেলায় আতঙ্ক নিয়েই তারা জমিতে কাজ করছেন এবং রাতে আত্মীয়স্বজনের বাড়িতে অবস্থান করছেন। পুলিশ দেখলেই তাদের মধ্যে ভয় তৈরি হচ্ছে বলেও জানান তিনি।

বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদের সদস্য জহুরুল ইসলাম বলেন, মামলার পর কয়েকটি গ্রামের কৃষকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই এখনো বাড়িতে ফেরার সাহস করছেন না। একই সঙ্গে সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী মোল্লা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি না করে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

তবে কৃষকদের অভিযোগের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার। তিনি বলেন, সার বিতরণের সময় উসকানির কারণে বিক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে এবং অন্য কর্মকর্তাদের অবরুদ্ধ করে মারধর করা হয়েছে। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ওই ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর আর কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে প্রকৃত অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে। নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা হবে না বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ বলেন, মামলাটি বর্তমানে তদন্তের পর্যায়ে রয়েছে। যারা ঘটনায় জড়িত নন, তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। একই সঙ্গে কৃষকদের মধ্যে সুষ্ঠুভাবে সার বিতরণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করছে। সূত্র: এশিয়া পোস্ট

সদ্য সংবাদ/ এআর

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক