রাজধানীর ন্যাম ভবন থেকে মরদেহ উদ্ধারের পর সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে। সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে গাবুরা ইউনিয়নের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সড়কপথে মরিয়মের মরদেহ নিয়ে রাতের দিকে শ্যামনগরের গাবুরায় পৌঁছান স্বজনরা। এর আগেই বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে কবর প্রস্তুত করা হয়। পরে ধর্মীয় রীতি অনুযায়ী গোসল ও জানাজা শেষে তাকে দাফন করা হয়।
দাফন ও জানাজায় মরিয়মের পরিবারের সদস্য, স্বজন এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সেখানে দেখা যায়।
মরিয়ম খাতুনের মৃত্যুকে ঘিরে এরই মধ্যে মামলা হয়েছে। তার বাবা মো. মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও ওবায়দুল্লাহকে আসামি করা হয়েছে। পুলিশ গাজী নজরুল ইসলাম ও মাকসুদা বেগমকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
মরিয়মের পরিবারের পক্ষ থেকে মৃত্যুর কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ কী- তা তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে।
উল্লেখ্য, রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সদ্য সংবাদ/এসকে