ভোলার তজুমদ্দিনে জ্বালানি তেলের দাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে মো. নাঈম নামে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার শম্ভুপুর ইউনিয়ন (উত্তর) ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মামুন হোসেন ও সদস্যসচিব শরীফ হাওলাদারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাঈমকে বহিষ্কারের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ থেকে তাকে অব্যাহতি দেওয়ার কথা বলা হয়। একই সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের নাঈমের সঙ্গে সাংগঠনিক কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাঈম নিজের পছন্দের একটি মোটরসাইকেল কেনার পরিকল্পনার কথা উল্লেখ করে তেলের দাম নিয়ে হতাশা প্রকাশ করেন। পোস্টে তিনি লেখেন, কিছুদিনের মধ্যে বাইক কেনার পরিকল্পনা থাকলেও তেলের দাম শুনে এখন আর সেই ইচ্ছা নেই।
বহিষ্কারের বিষয়ে নাঈমের দাবি, সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে কোনো নোটিশ বা কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়নি। তেলের দাম বৃদ্ধির বিষয়ে দেওয়া ওই পোস্টকে কেন্দ্র করেই গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করে তাকে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদককে উপজেলা কমিটি বহিষ্কার করতে পারে কি না এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মামুন হোসেন বলেন, শম্ভুপুর ইউনিয়ন (উত্তর) ছাত্রদলের কমিটি তাদের স্বাক্ষরেই গঠিত হয়েছিল। সে কারণে ওই কমিটির সাধারণ সম্পাদককে বহিষ্কারের এখতিয়ার তাদের রয়েছে বলে তিনি দাবি করেন।
মামুন হোসেন আরও জানান, জেলা ছাত্রদলের মৌখিক অনুমোদন নিয়েই নাঈমের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/এসএস