নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টের কর্মীদের কাছে ২০ লাখ টাকা এককালীন এবং মাসে ২ লাখ টাকা করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালের বিরুদ্ধে।
এ ঘটনায় ডিপোর চেকার মো. রফিকুল ইসলাম ফয়সালসহ অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ প্রস্তুত করেছেন বলে জানা গেছে।
অভিযোগে রফিকুল ইসলাম উল্লেখ করেন, গত ১ জুলাই সকাল ১০টার দিকে কর্মস্থলে থাকা অবস্থায় ফয়সাল হোয়াটসঅ্যাপে ফোন করেন। এ সময় জেট-এ-১ পয়েন্টে কর্মরতদের কাছে এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে ২ লাখ টাকা দেওয়ার দাবি করা হয় বলে অভিযোগ তার। দাবিকৃত অর্থ পরিশোধ না করলে ডিপোতে চাকরি করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।
রফিকুল ইসলামের দাবি, তিনি টাকা দিতে রাজি না হওয়ায় তাকে ভয়ভীতি দেখানোর পাশাপাশি খুন ও জখমের হুমকি দেওয়া হয়। পরবর্তী সময়েও বিভিন্ন দিনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে টাকা দাবি এবং হুমকি দেওয়া অব্যাহত ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ১ আগস্ট সকাল সোয়া ১১টার দিকে ফয়সাল ১০ থেকে ১২ জনকে সঙ্গে নিয়ে গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টে যান। সেখানে কর্মীদের কাছে পুনরায় ২০ লাখ টাকা এককালীন এবং মাসে ২ লাখ টাকা দেওয়ার দাবি করা হয় বলে অভিযোগ। কর্মীরা এতে রাজি না হলে তাদের সঙ্গে মারমুখী আচরণ করা হয় বলেও দাবি করা হয়েছে।
অভিযোগকারী আরও বলেন, টাকা না দিলে ডিপোতে চাকরি করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। পাশাপাশি এ বিষয়ে থানায় অভিযোগ বা মামলা করলে হত্যা করে মরদেহ গুম করার ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করেন তিনি।
এ ঘটনায় ডিপোর কর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে দাবি করেছেন রফিকুল ইসলাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এবং প্রয়োজনীয় অনুমতি নেওয়ার কারণে অভিযোগ করতে কিছুটা সময় লেগেছে বলেও তিনি জানান।
ঘটনাটি তদন্ত করে অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রফিকুল ইসলাম।
তবে অভিযোগের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মজিবর রহমান বলেন, এখন পর্যন্ত থানায় এ ধরনের কোনো অভিযোগ জমা পড়েনি। পরবর্তীতে অভিযোগ পাওয়া গেলে তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালের বক্তব্য পাওয়া যায়নি।
সদ্য সংবাদ/এসএস