সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গানের ভিডিওকে কেন্দ্র করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। তার সঙ্গে সিলেট জেলার আরও তিন শিক্ষক এ স্বীকৃতি পেয়েছেন।
বিউটি রাণী পাল ছাড়াও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।
সিলেট জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিভিন্ন উপজেলা পর্যায়ে বাছাই প্রক্রিয়ার পর চার শিক্ষককে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়। গত ২১ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে নির্বাচিত শিক্ষকদের তথ্য বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়েছে।
এর আগে চলতি বছরের ২৩ জুলাই বিউটি রাণী পাল তার ফেসবুক অ্যাকাউন্টে কয়েক সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তাকে নীল শাড়ি পরে ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানের সঙ্গে হাঁটতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য ও ট্রলের মুখে পড়েন তিনি।
পরবর্তীতে ওই গানকেই প্রতীকী প্রতিবাদের মাধ্যম হিসেবে ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যতিক্রমী প্রতিবাদ শুরু হয়। দেশের বিভিন্ন এলাকার শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। সেই ঘটনার পর থেকেই বিউটি রাণী পাল সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন।
এরই মধ্যে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার খবর নতুন করে তাকে আলোচনায় এনেছে।
সদ্য সংবাদ/এসএস