লালমনিরহাট শহরের চাঁদনী বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. মজিবর রহমান টুলু (৪৮) নামে পৌর আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পুলিশের ভাষ্য, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদনী বাজারের একটি ঘরে অভিযান চালানো হয়। সেখানে অনলাইন বৈঠক চলছিল। ওই সময় টুলুকে গ্রেপ্তার করা হয়।
মজিবর রহমান টুলু পৌরসভার নামাটারী এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে একটি চক্র গোপনে বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছে এমন তথ্য পুলিশের কাছে আসে। এরপরই অভিযান চালানো হয়।
পুলিশ আরও জানায়, টুলুর ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে অনলাইন প্ল্যাটফর্মে বৈঠক এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট কিছু তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। ফোনে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন পোস্ট ও স্ট্যাটাসও পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মজিবর রহমান টুলুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
সদ্য সংবাদ/এসএস