গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। এ ঘটনায় মূর্তি পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার শাখাহার ইউনিয়নের দইহারা গ্রামে অভিযানটি পরিচালনা করা হয়। পরে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে পাশের দেশে পাচারের উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র মূল্যবান কষ্টিপাথরের মূর্তি সংগ্রহ করে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখছিল। গোপন সংবাদের ভিত্তিতে দইহারা এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে দুটি মূর্তি উদ্ধার করা হয়।
অভিযানে আটক তিনজন হলেন-দইহারা গ্রামের আরিফ হোসেনের ছেলে আলিপ হোসেন (২২), একই গ্রামের বুরুজ মিয়ার স্ত্রী সরজিনা আক্তার (৩০) এবং পণ্ডিতপুর জিড়াই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এনামুল হক (৫০)।
উদ্ধার করা মূর্তিগুলোর একটি ওজন প্রায় ১১৯ কেজি এবং অপরটির ওজন ১৬ কেজি ৮৭০ গ্রাম। অর্থাৎ দুটি মূর্তির মোট ওজন ১৩৫ কেজি ৮৭০ গ্রাম। কষ্টিপাথরের মান যাচাইয়ের জন্য এগুলো নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পরীক্ষা করা হয়। পরে ডিজিটাল মেশিনে মূর্তিগুলোর ওজন নির্ধারণ করা হয়।
বিজিবির সদর দপ্তরের নির্ধারিত মূল্য অনুযায়ী উদ্ধার হওয়া মূর্তি দুটির আনুমানিক দাম ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা।
বিজিবি আরও জানিয়েছে, আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে উদ্ধার হওয়া মূর্তিগুলোও পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
সদ্য সংবাদ/এসএস