কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহাল ইজারাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে পূর্ব অষ্টগ্রামের আখড়াবাজার এলাকায় এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিলমাকসা জলমহালের ইজারা নিয়ে বেশ কিছুদিন ধরে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক এসএম শাহীনের অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে সেই বিরোধ প্রকাশ্য সংঘর্ষে রূপ নেয়।
এ সময় দুই পক্ষের লোকজন পরস্পরকে ধাওয়া করেন। একপর্যায়ে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে খবর পেয়ে অষ্টগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান জানান, জলমহাল ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সদ্য সংবাদ/এসএস