নাটোরের সিংড়ায় ঈদগাহ মাঠের জমি মাপজোক ও দখলকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে হাতিয়ান্দহ ইউনিয়নের পাছলাড়ুয়া এলাকায় এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাছলাড়ুয়া ঈদগাহ মাঠের জমির সীমানা নির্ধারণ ও দখল নিয়ে পাছলাড়ুয়া ও নতুনবস্তি গ্রামের লোকজনের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা উত্তেজনা ও সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় দুই পক্ষের লোকজন লাঠি ও হাসুয়া নিয়ে একে অপরের ওপর হামলা চালান। এতে কয়েকজনের মাথা, পা ও শরীরের বিভিন্ন অংশে জখম হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
আহতদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সদ্য সংবাদ/এসএস