শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা!

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০০:১০:২৬
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের একটি শাখার এক কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। টাকা জমা দেওয়ার রসিদ হাতে থাকলেও অনেক গ্রাহক ব্যাংক হিসাবে সেই অর্থের কোনো অস্তিত্ব খুঁজে পাচ্ছেন না। বিষয়টি জানাজানি হওয়ার পর শুক্রবার ব্যাংক বন্ধ থাকলেও শাখাটির সামনে ভুক্তভোগী গ্রাহকদের ভিড় দেখা গেছে।

অভিযোগের কেন্দ্রে থাকা শরীফুজ্জামান সোহাগ ওই শাখায় সিনিয়র সহকারী ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ব্যাংক সূত্রে জানা গেছে, তাঁর বাড়ি পঞ্চগড়ে এবং তিনি ঢাকার শ্যামলীতে বসবাস করতেন। পাঁচ বছরের বেশি সময় ধরে তিনি শ্রীনগর শাখায় কর্মরত ছিলেন। দীর্ঘদিন গ্রাহকদের টাকা জমা দেওয়া ও প্রয়োজনের সময় অর্থ উত্তোলনে সহযোগিতা করায় তাঁদের সঙ্গে তাঁর একটি আস্থার সম্পর্ক তৈরি হয়েছিল।

ভুক্তভোগীদের ভাষ্য, টাকা তুলতে গিয়ে সম্প্রতি একের পর এক গ্রাহক জানতে পারেন, তাঁদের জমা দেওয়া অর্থ ব্যাংক হিসাবে জমা হয়নি। কয়েকজন গ্রাহকের হিসাবেই প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা না থাকার অভিযোগ পাওয়া গেছে। তাঁদের দাবি, একই পদ্ধতিতে আরও অন্তত শতাধিক গ্রাহকের কাছ থেকে অর্থ নেওয়া হয়ে থাকতে পারে। ফলে মোট অর্থের পরিমাণ আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। তবে কতজন গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং মোট কত টাকা নিয়ে অভিযোগ উঠেছে, তা এখনো নিশ্চিত নয়।

অভিযোগ রয়েছে, সম্প্রতি শরীফুজ্জামান গ্রাহকদের এফডিআর করলে ১১ শতাংশ হারে লাভ পাওয়ার কথা জানান। তাঁর কথায় আগ্রহী হয়ে অনেকে তাঁর মাধ্যমে ব্যাংকে টাকা জমা দিতে শুরু করেন। অর্থ গ্রহণের পর তিনি গ্রাহকদের জমার রসিদও দিতেন। কিন্তু হঠাৎ করে গত তিন দিন ধরে তিনি কোনো ছুটি না নিয়েই ব্যাংকে অনুপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে তাঁর কাছে টাকা জমা দেওয়া কয়েকজন গ্রাহক ব্যাংকে এসে তাঁকে না পেয়ে নিজেদের হিসাব যাচাই করেন। তখন তাঁরা দেখতে পান, জমা দেওয়া অর্থ হিসাবভুক্ত হয়নি। পরে আরও কয়েকজন গ্রাহক একই ধরনের অভিযোগ নিয়ে ব্যাংকে আসেন। একপর্যায়ে শরীফুজ্জামান টাকাসহ পালিয়ে গেছেন—এমন ধারণা তৈরি হয় তাঁদের মধ্যে। এ ঘটনায় ব্যাংকের অন্য কর্মকর্তাদের কেউ জড়িত কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

বেজগাঁও এলাকার জুথি আক্তার জানান, প্রায় এক সপ্তাহ আগে তিনি ৭ লাখ টাকা জমা দিয়েছিলেন। বৃহস্পতিবার টাকা তুলতে গিয়ে জানতে পারেন, তাঁর হিসাবে ওই অর্থ জমা হয়নি।

ষোলঘর এলাকার শেখ উজ্জ্বলের স্ত্রী তিন মাস মেয়াদি ফিক্সড ডিপোজিটে ১২ লাখ টাকা জমা দিয়েছিলেন বলে জানান। অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তা কোটি কোটি টাকা নিয়ে চলে গেছেন—এমন খবর পাওয়ার পর ব্যাংকে এসে তিনিও জানতে পারেন, তাঁর জমা দেওয়া অর্থ হিসাবটিতে নেই।

বারিগাঁও এলাকার জাকিয়া সুলতানাও শরীফুজ্জামানের মাধ্যমে ৭ লাখ টাকা জমা দিয়েছিলেন। ওই অর্থের বিপরীতে তিনি রসিদ পেলেও পরে ব্যাংক হিসাবে টাকা খুঁজে পাননি।

আড়িয়লপাড়ার নাছির হাওলাদার জানান, তিনি ১৫ লাখ টাকা জমা দিয়েছিলেন। পরে হিসাব যাচাই করে দেখেন, ওই অর্থ ব্যাংক হিসাবে নেই।

আরেক গ্রাহক নুরুল ইসলাম বলেন, তাঁর সমন্দি বাহাদুরের নামে ৮১ লাখ টাকা এবং তাঁর স্ত্রী রুজিনা বেগমের নামে ২৭ লাখ টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছিল। পরে হিসাব পরীক্ষা করে দেখা যায়, সংশ্লিষ্ট হিসাবগুলোতে ওই অর্থ নেই।

ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী, শুধু তাঁদের উল্লেখ করা হিসাবগুলোতেই প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা জমা না হওয়ার অভিযোগ রয়েছে। এর বাইরে আরও বহু গ্রাহক একই ধরনের অভিযোগ নিয়ে ব্যাংকে যোগাযোগ করছেন বলে জানিয়েছেন তাঁরা।

বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হওয়ার পর উপজেলা প্রশাসন ও পুলিশ ব্যাংকটিতে যায়। এদিকে অভিযুক্ত কর্মকর্তা শরীফুজ্জামান সোহাগের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি সঠিক নয় বলে জানায় ফোন সার্ভিস। অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখার ব্যবস্থাপক মো. শরীফুদ্দিনের মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, গ্রাহকেরা ব্যাংকে অবস্থান নেওয়ায় কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে, সে জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

একজন ব্যাংক কর্মকর্তার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) দেখছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিষয়টি দুদকের আওতাধীন হওয়ায় সংস্থাটি এ নিয়ে কাজ করছে।

শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবুর রহমান বলেন, অভিযোগের বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। খবর পেয়ে শতাধিক গ্রাহক ব্যাংকে জড়ো হয়েছেন। তাঁদের কাছে থাকা জমার রসিদ, ব্যাংক হিসাব ও সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা করা হচ্ছে। অনেক গ্রাহকের হিসাব ঠিক পাওয়া গেলেও যেসব হিসাবে জমা দেওয়া অর্থের তথ্য পাওয়া যাচ্ছে না, সেগুলোর নথি সংরক্ষণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিষয়টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রকৃত ঘটনা এবং অর্থের পরিমাণ নির্ধারণ করা হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: মানবজমিন

সদ্য সংবাদ/ এআর

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. নেতানিয়াহুর ভাষণ বর্জন করা দেশগুলোর তালিকা করছে ইসরায়েল সদ্য. হুতিদের বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে পাকিস্তান-তুরস্ক? সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. নেতানিয়াহুর ভাষণ বর্জন করা দেশগুলোর তালিকা করছে ইসরায়েল সদ্য. হুতিদের বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে পাকিস্তান-তুরস্ক?